সিনিয়র রিপোর্টার : ভারতের উত্তর-পূবাঞ্চেলের রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা- স্বাধীন)-এর প্রধান পরেশ বড়ুয়া এখন ঢাকায়, কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এমন খবরকে অসত্য বলেছেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া।
মঙ্গলবার ফোনে যোগাযোগ করা হলে তিনি রিপোর্টার্স২৪কে জানান, বাংলাদেশে শেখ হাসিনার আমলে একাধিক মামলায় প্রাণদণ্ড হয়েছেন তা এখনো কার্যকর হয়নি। এই অবস্থায় ঝুঁকি নিয়ে পরেশ বড়ুয়া বাংলাদেশ যাবেন না। তিনি বলেন, ‘পরেশ যথেষ্ট বুদ্ধিমান। এই পরিস্থিতিতে ঢাকায় যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নেওয়া।
পরেশ বড়ুয়ার সাবেক সহচর আত্মসমর্পণকারী উলফা নেতা অনুপ চেটিয়া রিপোর্টার্স ২৪কে বলেন, ‘আমার ধারণা, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সাজানো কাহিনি। পরেশ বাংলাদেশে যাননি। পরেশ বড়ুয়ার সঙ্গে আমার মাঝে মাঝেই ফোনে কথা হয়। উনি ঢাকায় গেলে আমি জানতাম।’
মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বাংলাদেশের জামায়াত নেতারা এবং তাদের ঘনিষ্ঠ সাবেক সেনা কর্মকর্তারা দেশে পালাবদলের পর থেকেই বলে আসছেন, ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো তাদের লক্ষ্য। উত্তর-পূর্ব ভারতকে অশান্ত করে তাঁদের ‘অস্ত্র’ হতে পারেন পরেশ বড়ুয়া।
ভারতের গোয়েন্দা সংস্থার বরাতে আনন্দবাজর পত্রিকার খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই বাংলাদেশে রয়েছেন পরেশ বড়ুয়া। জামায়াতে ইসলামির অনুগত চূড়ান্ত ভারত-বিদ্বেষী কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে তিনি আলোচনাও সেরেছেন।
পত্রিকাটির খবরে বলা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কয়েকজন অফিসার দিন চারেক আগে উলফা (স্বাধীন)-এর সর্বাধিনায়ক পরেশ বড়ুয়াকে বাংলাদেশে নিয়ে এসেছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই খবরকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পরেশ বড়ুয়াকে আলোচনার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার অর্থ উত্তর-পূর্বাংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই, বাংলাদেশের শক্তিশালী একটি ভারত-বিদ্বেষী অংশ তা বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে।’ তাঁর সংযোজন, ‘পরেশ বড়ুয়া কেবলমাত্র উলফার সর্বাধিনায়ক নন, উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির প্রশিক্ষণ ও সমন্বয়কের দায়িত্ব পালন করে এসেছেন। সুতরাং, শিলিগুড়ি করিডর পেরিয়ে ‘সেভেন সিস্টার্স’ নামে উত্তর-পূর্ব ভারতের যে সাতটি রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি বাংলাদেশের কিছু সাবেক সেনা কর্মকর্তা এবং ইসলামি জঙ্গি সংগঠনগুলো দিচ্ছে, তা বাস্তবায়ন করার উপযুক্ত লোক হতে পারেন পরেশ বড়ুয়াই।’
রিপোর্টার্স২৪/ এমবি