সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়।
সিটিটিসি জানায়, একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদঘাটন করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার করা হয়। পরে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় একটি ম্যানহোল থেকে পাওয়া যায়। বর্তমানে মোটরসাইকেলের মালিকানা শনাক্তের জন্য নিবিড় তদন্ত চালানো হচ্ছে।
পুলিশ জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরে জনৈক শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং শুভ নামের ব্যক্তিরা ক্রমে মোটরসাইকেলটি অধিগ্রহণ করেন। শেষপর্যন্ত হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে এটি ক্রয় করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট বর্তমানে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। র্যাব মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড, বিজয়নগর এলাকায় হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুইজনের একজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে হাদির মাথায় গুরুতর আঘাত লাগে।
আইনশৃঙ্খলা বাহিনী হামলায় জড়িত সন্দেহভাজন হিসেবে দুইজনকে শনাক্ত করেছে। তারা হলেন, প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর হোসেন। ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালককে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি