রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টার প্রকাশ্যে টাঙানো হচ্ছে, কিন্তু এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ অভিযোগ করেন। পোস্টে তাসনিম জারা বলেন, আমি কমিশনের নির্দেশনা মেনে কোনো পোস্টার ব্যবহার করিনি। কিন্তু তিতাস রোড, খিলগাঁও, গোড়ান, সবুজবাগ ও মুগদা এলাকায় অন্যান্য প্রার্থীদের পোস্টারে দেয়াল ছেয়ে গেছে। তিনি অভিযোগ করেন, কমিশনের নীরবতা সৎ প্রার্থীদের নির্বাচনি মাঠ থেকে আড়াল করার কৌশল তৈরি করছে।
ডা. তাসনিম জারা বলেন, নতুন দল হিসাবে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ভোটারদের কাছে পরিচিত করে তোলার প্রয়োজন, কিন্তু পোস্টার নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিরুদ্ধে কমিশনের পদক্ষেপ না নেওয়ায় তাদের সুযোগ সীমিত হচ্ছে। তিনি সতর্ক করেছেন, চোখের সামনে এই ‘বেআইনি মহোৎসব’চললেও নির্বাচনকালীন সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলেও কমিশন তা উপেক্ষা করতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম