স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক করে দিচ্ছি। যদি মনে করেন, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, তাহলে যমুনার সামনে গিয়ে সেই কণ্ঠ পৌঁছে দেব। আজ রাতে শান্তিতে ঘুমাতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করুন। অন্যথায় রাতে আপনার বাসভবনের সামনে গিয়ে এই কণ্ঠ শোনানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, এই অবনতির কারণেই ওসমান হাদির ওপর হামলা হয়েছে এবং বিপ্লবী আন্দোলনের একাধিক কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন, যিনি দীর্ঘদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার ছিলেন। থানায় সাধারণ ডায়েরি করেও তিনি কোনো প্রতিকার পাননি। একইভাবে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের ঘটনাও আইনশৃঙ্খলা ব্যর্থতার ফল।
জাহিদ হাসান বলেন, আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার প্রয়োজন নেই সে দায়িত্ব বাণিজ্য ও কৃষি উপদেষ্টাদের। যিনি নিরাপত্তা ইস্যুতে ব্যর্থ এবং কোনো কার্যকর উদ্যোগ নেই, এমন একজন ব্যক্তির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকার প্রয়োজন নেই।
সমাবেশে সংগঠনটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও দেওয়া হয়েছিল, এবারও সেভাবেই যমুনা ঘেরাও করা হবে।
সমাবেশে অংশ নেওয়া ছাত্রশক্তির নেতা–কর্মীরা ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’,‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে গিয়ে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসে। পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনার এত দিন পার হলেও এখনো অপরাধীরা গ্রেপ্তার হয়নি। অথচ জঙ্গি, খুনি ও অপরাধীদের যাঁরা আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো কঠোর বার্তা দিতে পারেনি।’ তিনি অভিযোগ করেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো দেশের স্বার্থে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ।
রিপোর্টার্স২৪/এসসি