রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে কিছু বিরোধী গোষ্ঠীর। আমরা কোনো প্রকার সহিংসতা ও নাশকতার সঙ্গে নেই।
নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতা করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায়, জুমার নামাজের পরে শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মৃত্যু খবর পৌঁছানোর পর গত রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ শুরু হয়, যার মধ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
রিপোর্টার্স২৪/ঝুম