রংপুর প্রতিনিধি:
নগরবাসীর ভোগান্তি দূরীকরণ ও নাগরিক সেবা নিশ্চিতকরণে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ কাউন্সিলরদের পুনর্বহাল এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর বাসী ব্যানারে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, আগামী সাত দিনের মধ্যে সিটি কর্পোরেশনকে পূর্বের মতো কার্যকর করবেন, আর যদি না করেন তাহলে ঈদের পরে ১২ অথবা ১৩ জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, সবাই প্রস্তুত থাকবেন। দাবি আদায় করতে গেলে আঙুল বাঁকা করতে হবে। মত ভায়োলেন্স আপনারা করতে পারেন, শাহবাগে অবরোধ করতে পারেন, রংপুরের মানুষ করতে পারে না? আপনারা আপনাদের পূর্ব পুরুষদের কাছে জেনে নেবেন রংপুরের মানুষ কী করতে পারে আর কী করতে পারে না। আগামী দিনে জ্বলে উঠবে রংপুরের সাধারণ মানুষ, আপামর জনতা দলমত নির্বিশেষে সবাইকে রংপুরকে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি।
রসিকের বর্তমান প্রশাসকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে মোস্তফা বলেন, এই সিটি করপোরেশনে এমন একজন দুর্নীতিবাজ বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়েছে যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। প্রত্যেকটা ফাইলে এক পারসেন্ট কমিশন গুনে নিয়ে তালিকা দেবে তারপরে সই করবে। এরকম একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসীর প্রতি স্টিম রোলার চালানো হচ্ছে।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান তরু, ফেরদৌসি বেগম, মকবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, নজরুল ইসলাম দেওয়ানীসহ ১৪-১৫ জন কাউন্সিলর।
রিপোর্টার্স২৪/ধ্রুব