রিপোর্টার্স২৪ডেস্ক: সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের পোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) আজ শনিবার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ গ্রহণ করবে।
শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
পোস্টে তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান রয়েছে এমন যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট শনিবার থেকে সরাসরি রিপোর্ট করতে পারবেন নাগরিকরা। এ জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২-এ অথবা notify@ncsa.gov.bd ই-মেইলে এ ধরনের কনটেন্ট পাঠানো যাবে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে রিপোর্ট পাঠাবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক ও আইনসম্মত কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত কনটেন্ট সংশ্লিষ্ট প্ল্যাটফরমের কাছে রিপোর্ট করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, হেট স্পিচ বা এমন বক্তব্য যা সরাসরি সহিংসতা উসকে দেয় কিংবা সহিংসতার আহ্বান জানায় তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে সহিংসতা বা অরাজকতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি