রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘মেধা যাচাই পরীক্ষা’ আইনি জটিলতায় স্থগিত হয়েছে। বেসরকারি বিদ্যালয়ের কয়েকজন অভিভাবকের রিটের পর হাইকোর্ট গত ১৭ ডিসেম্বর পরীক্ষাটি এক মাসের জন্য স্থগিত করেন।
২১–২৪ ডিসেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের আদেশের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা কিংবা বিদ্যালয়গুলোকে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। ফলে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনেক শিক্ষক জানান, সংবাদমাধ্যমে পরীক্ষা স্থগিতের খবর দেখলেও অধিদপ্তরের আনুষ্ঠানিক নির্দেশ না পাওয়ায় তারা শিক্ষার্থী ও অভিভাবকদের কিছু জানাতে পারছেন না। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও একই অবস্থার কথা জানিয়েছেন। মৌখিকভাবে পরীক্ষা না নেওয়ার কথা জানানো হলেও লিখিত আদেশ এখনো পাওয়া যায়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পরীক্ষা বাতিল হবে নাকি পরবর্তী সময়ে নেওয়া হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে কারণেই আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়নি। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
রিপোর্টার্স২৪/বাবি