রিপোর্টার্স২৪ডেস্ক: বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে; এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। যারা হাদির শত্রু, তারা মূলত দেশেরই শত্রু। কারণ তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এই দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে দেশের ভবিষ্যৎ নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না।
জামায়াত আমির আরও বলেন, হাদি আজীবন ন্যায়বিচারের পক্ষে ছিলেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা লালন করতেন। তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে, তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এ পর্যন্ত নেওয়া পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে বলেও তিনি সতর্ক করেন।
রিপোর্টার্স২৪/এসসি