রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে ওই দিন স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী) ট্রেনের যাত্রা স্থগিত থাকবে। বিশেষ ট্রেন পরিচালনা ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানায়, বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ রেলওয়ে এ ব্যবস্থা গ্রহণ করেছে।
চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে, সেগুলো হলো— কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।
এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আদায়ের আশা করছে রেলওয়ে।
তবে তিনটি কমিউটার ট্রেনের এক দিনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি