গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আট দফা দাবি আদায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গাজীপুর সদরের সালনা বাজার এলাকায় ওই সময় প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করেন এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে এ সময় মহাসড়কের প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যানবাহনসহ অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের অন্যতম দাবি হলো ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি বেসরকারি চাকরিতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম ১০ম গ্রেড অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদানসহ মোট আট দফা দাবি উত্থাপন করা হয়েছে।
এক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে মহাসড়ক থেকে সরে যায়। এর ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন