আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস ফের আলোচনায় এসেছেন প্রেমের খবর নিয়ে। ২৩ বছর বয়সী ফোবি সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।
ইনস্টাগ্রামে শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে ছিল শুধু একটি ভালোবাসার ইমোজি। এতেই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা। পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীরা অভিনন্দন ও মজার মন্তব্যে ভরিয়ে দেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। শৈশবে বন্ধুত্বের পাশাপাশি স্বল্প সময়ের সম্পর্কও ছিল তাঁদের। দীর্ঘ বিরতির পর সেই পুরোনো সম্পর্কই নতুনভাবে ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এক সাক্ষাৎকারে ফোবি জানান, ১৫ বছর বয়স থেকেই চ্যাজকে চেনেন তিনি।
এর আগে ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন ফোবি। ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানে দুজন।
বর্তমানে ফোবি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্যাশন শপিং টুল ‘ফিয়া’ নিয়ে কাজ করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও সক্রিয় তিনি।