আশিস গুপ্ত, নতুন দিল্লি:
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতকে দায়ী করা প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে মন্তব্য করেছে ভারত।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই মন্তব্য করে বলেন, আইনশৃঙ্খলাসহ যাবতীয় সমস্যা সমাধানের দায়িত্ব সে দেশের সরকারের। তা না করার ব্যর্থতার দায় অন্য কারো ঘাড়ে চাপানোর অর্থ সেই সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানো।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি বিরক্ত হয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, পতিত স্বৈরাচার ও প্রতিবেশী ভারতের আধিপত্যবাদ বাংলাদেশকে গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে। রাজনৈতিক দলের নেতারা ওই বৈঠকের পর মুহাম্মদ ইউনূসের ওই বক্তব্য সংবাদ মাধ্যমকে জানান।
সেই মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জয়সোয়ালকে প্রশ্ন করা হলে তিনি একথা বলেন। জয়সোয়াল বলেন, ব্যর্থতার দায় বাইরের কারো ওপর চাপানো দেশের সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা ছাড়া আর কিছু নয়। এই ধরনের মন্তব্য প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দায় এড়ানোর চেষ্টা।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত একটা নির্বাচন দেওয়া। সেই নির্বাচন হওয়া উচিত সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে যাতে সে দেশের মানুষের স্বার্থ রক্ষিত হয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণের জন্য মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল বলেন, সব ঘটনাবলির উপর ভারতের নজর রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব