রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় শীতের প্রকোপ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়। পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস আরও জানায়, ভোর ও সকালের দিকে মাঝারি থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। এসব কারণে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, কুয়াশা কেটে গেলে দিনের বেলায় কিছুটা স্বস্তি মিললেও সকাল ও রাতের দিকে শীত অনুভূত হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম