প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 31-05-2025 ইং
সংবাদ শিরোনামঃ জীবননগর সীমান্ত দিয়ে ১০জন নারী ও শিশুকে পুশইন করলো বিএসএফ
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৩০ মে) বেলা ১টার দিকে জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে মেহগনিবাগানের মধ্যে নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অনুপ্রবেশের সময় পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা জানান, পাঁচ দিন আগে গুজরাট পুলিশ তাদের আটক করে। পরে ২৮ মে তাদের ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৯ মে রাত ১১টার দিকে বাসে করে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প এলাকায় এনে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে গুজরাট পুলিশ বিএসএফের উপস্থিতিতে সীমান্ত পিলার ৬১/৭-এস বরাবর গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের নজরুল শেখের স্ত্রী সুইটি বেগম (৩০), তাঁর ১২ ও ৮ বছর বয়সী দুই সন্তান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের মোস্তাকিন শেখের স্ত্রী সীমা খাতুন (১৮) ও ২ বছর বয়সী সন্তান, খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের দাউদ মল্লিকের মেয়ে মোছা. মিনতি (২৩), তাঁর ৬ বছর বয়সী সন্তান ও ১৬ বছর বয়সী ভাগনি, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুলবিলা গুচ্ছগ্রামের উজ্জ্বল শেখের স্ত্রী তাছলিমা খাতুন (২৯) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মিরকা বাঘানগর গ্রামের সাগর মিয়ার স্ত্রী ঝর্ণা খাতুন (৪৩)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের ১০ জন বাংলাদেশি নাগরিক পুশইন করিয়েছে। তাঁরা কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তাঁদের কেউ ৯ মাস, কেউ ২ বছর, আবার কেউ ৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে যান। বিজিবি দুপুরে তাঁদের থানায় হস্তান্তর করেছে। ১০ জনের ঠিকানায় খবর দেওয়া হলে ৯ জনকে স্বজনেরা এসে নিয়ে গেছেন। অপরজনের স্বজনেরা জীবননগরের পথে রওনা দিয়েছেন।