দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।
দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি।
উদ্ধার হওয়া মর্টার শেলটি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দৌলতখালী গ্রামের একটি নির্জন মাঠে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিসপোজ (ধ্বংস) করা হয়। ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর সেনাক্যাম্প থেকে আসা ১৭ সদস্যের একটি ডিসপোজাল টিম মর্টার শেলটি নিষ্ক্রিয় করে। এ সময় দৌলতপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মনসুর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। পরে সেনাবাহিনীর ডিসপোজাল টিম সেটি দৌলতখালী মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।
রিপোর্টার্স২৪/এসএন