আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশের বিরুদ্ধে সহিংস হস্তক্ষেপ চালায়, তবে তিনি নিজ দেশ রক্ষায় আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
সাবেক বামপন্থি যোদ্ধা পেত্রো লেখেন, আমি আর কখনো অস্ত্র স্পর্শ না করার শপথ নিয়েছিলাম। কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আবার অস্ত্র ধরবো। তিনি সতর্ক করে বলেন, ভেনিজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো কোনো সহিংস পদক্ষেপ যদি কলম্বিয়ায় নেওয়া হয়, তবে তার জবাব দেওয়া হবে।
গুস্তাভো পেত্রো সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ট্রাম্প মাদক পাচার দমনের নামে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। দুই নেতার মধ্যে আগে থেকেই বাকযুদ্ধ চললেও সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।
সপ্তাহান্তে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো অভিযান কলম্বিয়ার ক্ষেত্রেও চালানো “ভালোই শোনায়।” একই সঙ্গে তিনি পেত্রোকে কটাক্ষ করে বলেন, কলম্বিয়া “একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত”, যে কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে।
এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কলম্বিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ।
ট্রাম্প পেত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার সহজতর করার অভিযোগ তুললেও এর পক্ষে কোনো প্রমাণ নেই। পেত্রো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার সরকার মাদক উৎপাদন দমনে কাজ করছে, তবে ‘মাদকবিরোধী যুদ্ধে’ অতিরিক্ত সামরিক নির্ভরতা থেকে সরে আসার নীতি অনুসরণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় পেত্রো আরও বলেন, আমি আমার জনগণের ওপর পূর্ণ আস্থা রাখি। তাই যেকোনো অবৈধ ও সহিংস হামলা থেকে প্রেসিডেন্টকে রক্ষার জন্য জনগণকে প্রস্তুত থাকতে বলেছি।
রিপোর্টার্স২৪/বাবি সূত্র: আল জাজিরা