ইন্টারন্যাশনাল ডেস্ক: কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই ফাঁসটি ২০২৪ সালে ইনস্টাগ্রামের এপিআই-তে থাকা একটি ত্রুটির (বাগ) সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। হ্যাকাররা ওই দুর্বলতার সুযোগ নিয়ে মেটার নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ইমেইল, ফোন নম্বর, আংশিক ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য। যদিও পাসওয়ার্ড এতে অন্তর্ভুক্ত নয়, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই তথ্য দিয়ে পরিচয় জালিয়াতি বা আর্থিক প্রতারণা করা সম্ভব।
বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা অস্বাভাবিকভাবে পাসওয়ার্ড রিসেট সংক্রান্ত ইমেইল পেয়েছেন, যা অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারে এই তথ্য ফাঁস।
এ বিষয়ে এখনো ইনস্টাগ্রামের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে হেল্প অপশনে বলা হয়েছে, পাসওয়ার্ড রিসেট ইমেইল পাওয়ার মানে যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা নয়।
সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
রিপোর্টার্স২৪/ঝুম