সিনিয়র রিপোর্টার: রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল বুধবার বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে তারেক রহমান জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন বিকেলে আত্মপ্রকাশের প্রস্তুতি নেওয়া একটি নতুন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ দলে ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সদ্য পদত্যাগ করা অনিক রায় এবং মীর হুযাইফা আল-মামদূহ। তারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আসেন বলে জানা গেছে।
মীর হুযাইফা আল-মামদূহ জানান, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তারেক রহমান আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তবে নতুন রাজনৈতিক উদ্যোগের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।
এ ছাড়া সন্ধ্যায় ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক একটি ফ্রেমে বাঁধানো কার্টুনচিত্র তারেক রহমানের হাতে তুলে দেন কার্টুনিস্ট উদয়। কার্টুনটি গ্রহণ করে তারেক রহমান শিল্পীকে ধন্যবাদ জানান।
এর আগে গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। সাক্ষাৎকালে তারেক রহমান তাঁর হাতে একটি প্রকাশিত বই তুলে দেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আমান আযমী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আনুষ্ঠানিক শোক জানানো এবং শোক বইতে স্বাক্ষর করাই ছিল সাক্ষাতের মূল উদ্দেশ্য।
রিপোর্টার্স২৪/বাবি