জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আরও উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। আটক মাহাবুল হোসেন একই উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোয়ালপাড়া-জীবননগর সড়কের জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা রাস্তার ওপর চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাহাবুল হোসেন নামের একজনকে আটক করে তার হেফাজত থেকে ৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের বারের মোট ওজন ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন