রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ছয়জন নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, “আজ সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
জামায়াত আমির প্রার্থনা করেন, “ইয়া রব! যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ক্ষমা করুন, রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।”
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ঘটনাস্থলেই তিনজন মারা যান, পরে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো ১৩ জনের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।
ঢাকা জোন–৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে গিয়ে ভবনের তিন তলাকেও ক্ষতি করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং পুরোপুরি নির্বাপন করতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে।
রিপোর্টার্স২৪/আয়েশা