স্টাফ রিপোর্টার: রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় একটি তাৎপর্যপূর্ণ দৃশ্য সবার নজর কাড়ে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শোকসভা চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হলে তাকে দেখেই নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যান দলের চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দুজনের মধ্যে করমর্দন ও কুশল বিনিময় হয়। মুহূর্তটি উপস্থিত অতিথিদের মধ্যে আলোচনার জন্ম দেয় এবং এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমান দাঁড়িয়ে পড়তেই মির্জা ফখরুল তাকে বসতে অনুরোধ করেন। একপর্যায়ে সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানকে হাত ধরে পুনরায় আসনে বসান তিনি।
অনেকেই এ ঘটনাকে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টা্র্স২৪/বাবি