কুষ্টিয়া প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপর্সন খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর নাম নিয়ে ২০২৩ সালে একটি ব্যঙ্গাত্মক ওয়াজ করেছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সম্প্রতি সেই ব্যঙ্গাত্মক বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
এ প্রেক্ষিতে শুক্রবার (১৬ জানুয়ারি) এক ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন মুফতি আমির হামজা। ভিডিও বার্তায় তিনি বলেন, পুরোনো একটি বক্তব্য তুলে এনে বর্তমান নির্বাচনকালীন সময়ে তাকে জনগণের সামনে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
তবে তিনি আরও বলেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল ২০২৩ সালের। সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।
তিনি বলেন, যারা পুরোনো বক্তব্য সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচার করার ষড়যন্ত্র করছেন, তারাও নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি। এ ক্ষেত্রেও কে বেশি অপরাধী, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
রিপোর্টার্স২৪/এসএন