সিলেট প্রতিনিধি: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
শুক্রবার (রাত) হাসপাতালের ভেতরেই কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে এর আগেও একাধিকবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ও স্থায়ী কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।
এই ঘটনার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা জানান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া এবং দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।
এদিকে চিকিৎসকদের আকস্মিক এই কর্মবিরতির কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
রিপোর্টার্স২৪/এসএন