রিপোর্টার্স২৪ ডেস্ক: শহরের যানজট ও কোলাহলের অন্যতম বড় উৎস অকারণে হর্ন বাজানো এই বদভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ শুধু আইন দিয়ে সম্ভব নয়; এর জন্য মানুষের মানসিকতা ও অভ্যাসের পরিবর্তন জরুরি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে শব্দদূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে আয়োজিত হর্নবিরোধী মোটর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন ধরে হর্ন বাজানো আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে, যা এখন মারাত্মক শব্দদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা বন্ধ করতে যেমন আইন প্রয়োগ প্রয়োজন, তেমনি নাগরিকদের মধ্যেও দায়িত্ববোধ তৈরি করতে হবে।
তিনি জানান, সম্প্রতি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর গেজেট প্রকাশিত হয়েছে। এই বিধিমালার আওতায় পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ বাস্তবে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ঢাকার বেশ কয়েকটি এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
শব্দদূষণের প্রধান দুটি উৎস হিসেবে হর্ন বাজানো ও আতশবাজি ফুটানোর বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই দুটি ক্ষেত্রেই কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। তিনি জানান, ভবিষ্যতে যেন শুধু নববর্ষের সময় নির্দিষ্ট কোনো স্থানে আতশবাজি ফুটানো যায়—সে বিষয়ে একটি কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে।
জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, শব্দদূষণের ক্ষতিকর দিকগুলো ব্যাপকভাবে তুলে ধরতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজে সচেতনতা তৈরি হলেই টেকসই পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকি থেকে রক্ষা করতে চাই, তাহলে শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কেবল আইন নয়, সম্মিলিত উদ্যোগই পারে এই সংকট থেকে আমাদের বের করে আনতে।
এরপর ‘আর নয় শব্দদূষণ, জয় হোক সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার ও বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের শেষভাগে উপদেষ্টা আরও জানান, দায়িত্বকাল শেষ হওয়ার আগেই নববর্ষে আতশবাজি ফুটানোর জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে যাওয়ার বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান, যাতে উৎসব উদযাপন ও পরিবেশ সুরক্ষা দুটোরই ভারসাম্য রক্ষা করা যায়।
রিপোর্টার্স২৪/ঝুম