রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো সিলেটে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশের আগে থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে জনসভাস্থলে যোগ দিতে শুরু করেন। বুধবার রাত থেকে সমাবেশস্থলে সায়মানা টাঙিয়ে অনেকে ত্রিপলে রাত কাটান। সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা ও উপজেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান।
সকাল সাড়ে ৮টায় বিএনপি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক মিছিলের নেতৃত্ব দেন। সমাবেশে নেতাকর্মীরা খেজুরগাছের ফাঁক দিয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার জন্য তারেক রহমান এই প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
রিপোর্টার্স২৪/ঝুম