নড়াইল প্রতিনিধি: দুর্নীতি ও অশালীন আচরণের অভিযোগ তুলে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ ও এক প্রশিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টার দিকে কলেজ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষ ও প্রশিক্ষককে অবরুদ্ধ করে
মানববন্ধনে তারা জানায়, অধ্যক্ষ আফরোজা খাতুনের বিরুদ্ধে মেসের টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, ডিজিএনএম বরাদ্দকৃত সকল অর্থ আত্মসাৎ, ফরমেটিভ মার্কের ভয় এবং জীবন নাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। পরে তারা অধ্যক্ষের কক্ষেই আফরোজা খাতুন ও তার সহযোগী প্রশিক্ষক রেকসোনা পারভীনকে অবরুদ্ধ করে রাখে।
এছাড়া ওই দুজনের পদত্যাগ ও সকল দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু জবাবদিহিতা ও আত্মসাৎকৃত সকল অর্থ ফেরতেরও দাবি জানান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পদত্যাগ পত্র নিয়ে গেলে অভিযুক্ত অধ্যক্ষ ও প্রশিক্ষক তাতে স্বাক্ষর করেন। এতেও শিক্ষার্থীরা দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু জবাবদিহিতা ও আত্মসাৎকৃত সকল অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত ওই দুজনকে কোথাও যেতে দিতে রাজি হয়নি। তবে শিক্ষার্থীদের করা অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ আফরোজা খাতুন।
এরপর বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের পাঠানো প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অধ্যক্ষ আফরোজা খাতুন ও সহযোগী প্রশিক্ষক রেকসোনা পারভীনকে ছেড়ে দেয় তারা।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব