গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া টানা প্রায় ৮ ঘণ্টার এই অভিযান শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে শেষ হয়। অভিযান শেষে সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কুখ্যাত মাদক স্পট হিসেবে পরিচিত এরশাদনগর ও হাজীর মাজার বস্তি এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকা ঘেরাও করে তল্লাশি চালান।
অভিযানে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭টি ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ৩৫ জনকে আটক করে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।
রিপোটার্স ২৪/এসসি