রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপের দুই বৃহৎ এয়ারলাইন এয়ার ফ্রান্স ও কেএলএম এ অঞ্চলের নির্দিষ্ট রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স শুক্রবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে দুবাই রুটে তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তারা যাত্রী ও বিমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ফ্লাইট সূচি হালনাগাদ করা হবে।
অন্যদিকে, নেদারল্যান্ডসের বিমান সংস্থা কেএলএম মধ্যপ্রাচ্যের একাধিক শহরে ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। ডাচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনওএস-এর বরাতে জানা গেছে, কেএলএম তেল আবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট বন্ধ রেখেছে। পাশাপাশি ইরাক, ইরান, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ কেএলএম প্রকাশ করেনি। তারা বিষয়টি নিয়ে ডাচ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র একটি বড় নৌবহর ‘আর্মাডা’ পারস্য উপসাগরের দিকে পাঠাচ্ছে এবং ইরানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও তিনি তাৎক্ষণিক সামরিক হামলার সম্ভাবনা কিছুটা কমিয়ে দেখান এবং বলেন, তেহরান আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা তৈরি হয়েছিল। একপর্যায়ে হোয়াইট হাউস জানায়, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখায় উত্তেজনা কিছুটা কমেছে। কিন্তু এরপরও ট্রাম্প সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার কথা নিশ্চিত করেন।
রিপোর্টার্স২৪/আয়েশা