আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি চুক্তি সইয়ের জন্য ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।
রোববার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, চুক্তিটি স্বাক্ষরের পর অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ইউক্রেনের পার্লামেন্টে পাঠানো হবে। তিনি বলেন, আমাদের কাছে নিরাপত্তা নিশ্চয়তা মানে প্রথমেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা। নথিটি সম্পূর্ণ প্রস্তুত। এখন শুধু স্বাক্ষরের তারিখ ও স্থান নিশ্চিত হওয়ার অপেক্ষা।
জেলেনস্কি আরও বলেন, ২০২৭ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জন ইউক্রেনের জন্য একটি ‘অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চয়তা’। সে লক্ষ্যেই কিয়েভ কাজ করে যাচ্ছে।
এর আগে শুক্রবার ও শনিবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ওয়াশিংটনের প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়। তবে বৈঠক থেকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। উভয় পক্ষই আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং আগামী রোববার আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
জেলেনস্কি জানান, এই আলোচনা ছিল দীর্ঘদিন পর প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে কূটনীতিকদের পাশাপাশি সামরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তবে শান্তি আলোচনায় সবচেয়ে বড় বাধা হিসেবে আবারও উঠে এসেছে ভূখণ্ড ইস্যু। জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার অবস্থান এখানে ‘মৌলিকভাবে ভিন্ন’। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের দখলকৃত অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি জানালেও কিয়েভ তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়।
তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্র একটি সমঝোতার পথ খুঁজছে। তবে সব পক্ষকেই কিছুটা হলেও সমঝোতার মানসিকতা রাখতে হবে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইউক্রেন ইস্যুতে দীর্ঘ আলোচনা করেন। ক্রেমলিন জানিয়েছে, শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনকে রাশিয়া-অধিকৃত পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে যা কিয়েভ সরাসরি প্রত্যাখ্যান করেছে।
রিপোর্টার্স২৪/এসসি