ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে স্বাধীনতা অর্জন করি। কিন্তু ১৯৭১ সালের সময়ে যারা পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা এখন আবার ভোট চাইছে দেশ চালানোর জন্য। তাদেরকে ভোট দিলে দেশের সর্বনাশ হবে এটি বুঝতে হবে।
ফখরুল বলেন, যে দল দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান। কিসের ভয় পান আপনারা সংখ্যালঘু, আপনাদের ওপর যদি কোনো নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এই দেশে সংখ্যালঘু কেউ নেই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান। ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে।
বিএনপি মহাসচিব আরও প্রতিশ্রুতি দেন, আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।
তিনি বলেন, আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার মধ্যে ভোট হতো। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা চলত।
রিপোর্টার্স২৪/এসসি