রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটা এবার তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে নতুন আয়ের মডেল পরীক্ষার পথে হাঁটছে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ধাপে ধাপে চালু করা হবে সাবস্ক্রিপশনভিত্তিক সেবা। মেটার ভাষ্য অনুযায়ী, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, উন্নত প্রোডাক্টিভিটি টুল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা।
মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মগুলোর মূল সেবা আগের মতোই বিনামূল্যে থাকবে। তবে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন, তারা কনটেন্ট শেয়ার, সংযোগ ও ব্যবস্থাপনায় পাবেন বাড়তি নিয়ন্ত্রণ এবং উন্নত অপশন। একক কোনো সাবস্ক্রিপশন মডেলে আটকে না থেকে বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে ভিন্ন ধরনের।
এই উদ্যোগের অংশ হিসেবে মেটা তাদের নতুন এআই কৌশল আরও জোরদার করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করা ‘ম্যানাস’ নামের একটি এআই এজেন্টকে বড় পরিসরে তাদের প্রোডাক্টে যুক্ত করা হবে। ভবিষ্যতে এই এআই শুধু ব্যবহারকারীদের জন্য নয়, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বাজারজাত করা হবে।
ইতোমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাস এআই-এর শর্টকাট যুক্ত করার কাজ চলছে বলে জানা গেছে। পাশাপাশি এআই ভিডিও নিয়েও বড় পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। ‘ভাইভস’ নামে তাদের এআই ভিডিও ফিচার এতদিন সম্পূর্ণ ফ্রি থাকলেও এখন সেখানে ফ্রিমিয়াম মডেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ভিডিও মাসে বিনামূল্যে তৈরি করা যাবে, এর বেশি চাইলে নিতে হবে সাবস্ক্রিপশন।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পেইড ফিচারগুলো ঠিক কী ধরনের হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সুবিধা ইতোমধ্যে আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি করার সুযোগ, কে আপনাকে ফলো করছে না তার তালিকা দেখার সুবিধা এবং এমন একটি অপশন, যেখানে স্টোরি দেখা হলেও পোস্টদাতা বুঝতে পারবেন না।
মেটা স্পষ্ট করেছে, এই নতুন সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ভেরিফায়েড’-এর সঙ্গে যুক্ত নয়। মেটা ভেরিফায়েড মূলত কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য, যেখানে ভেরিফায়েড ব্যাজ, বাড়তি নিরাপত্তা ও সরাসরি সাপোর্ট দেওয়া হয়। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মেটার জন্য আয়ের নতুন একটি বড় পথ খুলে দিতে পারে। তবে একই সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ডিজিটাল সেবায় মাসিক খরচ বেড়ে যাওয়ায় ব্যবহারকারীরা চাপ অনুভব করছেন। তাই বাজারে টিকে থাকতে মেটাকে দিতে হবে সত্যিই কার্যকর ও আকর্ষণীয় অফার।
এই ক্ষেত্রে স্ন্যাপচ্যাট ইতোমধ্যে সাফল্যের উদাহরণ তৈরি করেছে। তাদের ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রিপশনের গ্রাহক সংখ্যা বর্তমানে ১ কোটি ৬০ লাখের বেশি। মেটাও সেই পথেই এগোতে চাইছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
মেটা জানিয়েছে, পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে এই সাবস্ক্রিপশন চালু করা হবে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে ফিচারগুলো আরও পরিমার্জন ও উন্নত করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম