আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে আগের চেয়েও বড় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তবে দ্রুত আলোচনায় এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প জানান, একটি বিশাল যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। বহরটি অত্যন্ত শক্তিশালী এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় পাঠানো বাহিনী কিংবা বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বাধীন নৌবহরের চেয়েও এটি বড়।
ট্রাম্প লেখেন, বহরটি যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত ও ভয়াবহ হামলা চালাতে তারা দ্বিধা করবে না।
তিনি আরও বলেন, আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে সম্মত হবে। বিষয়টি স্পষ্ট ইরান কোনো ধরনের পরমাণু অস্ত্র রাখতে পারবে না। এই চুক্তি সবার জন্যই ভালো হবে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে।
গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল। সে সময় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল। ওই অভিযানের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, আলোচনায় না আসার কারণেই তখন ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করা হয়েছিল, যাতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
তিনি হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে আবার হামলা হলে সেটি আগের চেয়েও অনেক বেশি মারাত্মক হবে। এমন পরিস্থিতি এড়াতে ইরানকে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি