সিনিয়র রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মায়ের গায়ে হাত তুলেছেন কিংবা অপমান করেছেন, তারা যেন ক্ষমা চান। আল্লাহ তায়ালা চাইলে তাদের ক্ষমা করে দেবেন।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমি বলেন, আমরা মাতৃতান্ত্রিকতাও চাই না, পিতৃতান্ত্রিকতাও চাই না। আমরা উভয়ের সমন্বয়ে একটা মানবিক সমাজ চাই।
তিনি বলেন, আমরা কোনো বিভাজন চাই না। ধর্মেও চাই না, বর্ণেও চাই না। আমরা কোনো জেন্ডার বৈষম্যও চাই না।
তিনি আরও বলেন, যেকোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশা আল্লাহ রক্ষা করব। অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা। আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা।
জামায়াত আমির বলেন, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশা আল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না।
গণভোটের বিষয়ে তিনি বলেন, ১২ তারিখে দুটি ভোট। একটা হচ্ছে 'হ্যাঁ' ভোট। হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হ্যাঁ মানে আজাদি। হ্যাঁ মানে ফ্যাসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশা আল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে 'হ্যাঁ'।
তিনি আরো বলেন, যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন ৫ আগস্ট ২০২৪ সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার-আচরণ কেমন, সেটা আপনাদের সবার সামনে পরিষ্কার। এখানে যাদের সুনীতির ওপর পাব, যাদের ওপর আস্থা রাখতে পারব, ইনশা আল্লাহ ১২ তারিখের ভোট তাদের পক্ষে হবে।'
রিপোর্টার্স ২৪/এমবি