স্টাফ রিপোর্টার : বাজেটে রাঘববোয়ালদের কাছ থেকে কর আদায়ের কোনো স্ট্র্যাটেজিক কৌশল নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গণঅভ্যুত্থানের শুরু থেকেই আমরা বলে আসছি, আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোকে সুসংহতকরণ ও শক্তিশালী করতে হবে। আমাদের রাষ্ট্রীয় বাজেট-সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করে, শুধু একটি দলের আসা-যাওয়ার মধ্য দিয়ে যদি সবকিছু পরিচালিত হয় এবং সেটার রেজিম পরিবর্তনের যে প্রক্রিয়াগত বিষয় রয়েছে, সেটা থেকে আমরা যদি বের না হতে পারি, তাহলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হবে না।
তিনি আরও বলেন, অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুসংহত এবং শক্তিশালী করতে পারি, তাহলে রাজনৈতিক দল পরিবর্তন হলেও রাষ্ট্রের নীতি বা জনগণের কল্যাণে যে নীতি থাকা উচিত, সেটি যেন পরিবর্তন না হয়। বাংলাদেশের সেদিকেই যাওয়া উচিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সবার কাছ থেকে এমনই একটি আবেদন এসেছে-রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা মনে করি, রাজনৈতিক দলগুলো অবশ্যই কথা বলবে, প্রস্তাবনা দেবে, কিন্তু ফোকাসটা হওয়া উচিত প্রতিষ্ঠানগুলোর ওপর। সেগুলোকে শক্তিশালী করেই আমাদের এগিয়ে যেতে হবে।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান অবস্থার কথা তুলে ধরে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, আপনারা দেখেছেন এনবিআরে একটি আন্দোলন হয়েছে। বর্তমান এনবিআর ব্যবস্থার মধ্যেই এমন অনেক রাঘববোয়াল আছে, যারা বড় অংকের কর ফাঁকি ও অর্থপাচার করছে। তাদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায়, সেই বিষয়ে এই বাজেটে আমরা কোনও কৌশল বা স্ট্র্যাটেজি দেখছি না। এ বিষয়ে সরকারকে আরও বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
রিপোর্টার্স২৪/আরএইচ