জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (৪ জুন) ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, একই গ্রামের মাঝপাড়ার মৃত জাফর আলীর ছেলে সাদের আলী (৫০), পশ্চিমপাড়ার আব্দুর সাত্তারের ছেলে মিজান হোসেন (৪৮), দক্ষিণপাড়ার মৃত হজরত আলীর ছেলে হামিদ ইসলাম (৫০) এবং গাংপাড়ার মৃত মোজাম্মেলের ছেলে বাবুল হোসেন (৩০)।
অভিযান সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশের সমন্বয়ে যৌথ টিম বুধবার ভোরে উপজেলার কালা গ্রামের সাদের আলীর বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জনকে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারকৃত জব্দ করা হয় ৩ কেজি গাঁজা, ১টি ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে জব্দকৃত আলামতসহ আটক ৪ জনকে বুধবার সকালে জীবননগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব