প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 05-02-2026 ইং
সংবাদ শিরোনামঃ গুমের শিকার ইবির দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুমের শিকার দুই শিক্ষার্থীর দ্রুত সন্ধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের আল-মোকাদ্দাস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে গুমের শিকার হওয়া আমাদের ভাইয়েরা এখনও আমাদের মাঝে ফিরে আসেনি। পাঁচ আগস্টের পর অনেকেই ফিরে এসেছে, তাই আমরা ভেবেছিলাম আমাদের দুই ভাইও ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, অথচ আমাদের ভাইয়েরা ফিরছে না। আমরা প্রশাসনের কাছে জানতে চাই—আমাদের ভাইয়েরা কেমন আছেন, কোথায় আছেন—আমাদের একটু জানান। অন্যথায় আমরা প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, যেন প্রশাসন এই বিষয়ে ভাবতে বাধ্য হয়।
তারা আরও বলেন, গত সতেরো বছরে যেসব গুম-খুন হয়েছে, তার বিচার করতে হবে এবং যথাযথ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। যারা গুমের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করা প্রয়োজন, যেন বাংলাদেশের মানুষ আর গুমের শিকার না হয়। গুম-খুনের সংস্কৃতি বন্ধ করতে প্রশাসনের বিশেষ ভূমিকা নেওয়া জরুরি।