স্টাফ রিপোর্টার: হামলার পুনরাবৃত্তির আশঙ্কায় রাজধানী ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র প্রধান কার্যালয় সাময়িকভাবে খালি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পত্রিকাটির সাংবাদিক ও কর্মীরা অফিস থেকে বের হয়ে যান বলে ডেইলি স্টার’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলেও এর সত্যতা জানা যায়।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ডেইলি স্টার এবং একই মালিকানাধীন প্রথম আলো’র প্রধান কার্যালয়ে হামলা চালায় সহিংসতাকারীরা। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালানোর পাশাপাশি টেলিভিশন, ফ্রিজ, ল্যাপটপ ও কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং পরে অগ্নিসংযোগ করে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেয়। হামলার জেরে টানা দুই দিন প্রথম আলো ও ডেইলি স্টার’র প্রকাশনা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ওই রাতেই দেশের খ্যাতনামা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটও হামলার শিকার হয়।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট গণরোষ থেকেই এ হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। পুলিশ তখন ঘটনাটিকে ‘মব হামলা’ হিসেবে আখ্যা দিয়েছিল।
তবে পরবর্তীতে বিভিন্ন ভিডিও ফুটেজে হামলাকারীদের সংগঠিতভাবে সহিংসতায় অংশ নিতে দেখা যায়। এতে করে হামলার পেছনে কট্টরপন্থী ইসলামি গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।
এদিকে, শুক্রবার দুপুরেও ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর ফলে দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলমান পরিস্থিতিতে গণমাধ্যমের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব