সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, একদিনে দুটি ভোট আয়োজনের কারণে বাড়তি সময় প্রয়োজন বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবার নতুনভাবে পোস্টাল ভোট ব্যবস্থাও চালু করা হয়েছে।
তরুণ ভোটারদের প্রাধান্য
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।
৩৫ বছরের নিচে ভোটার রয়েছেন ৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন এবং ২৫ থেকে ৩৫ বছর বয়সী ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন। ইসি মনে করছে, ফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
২৯৯ আসনে ভোট, ১ আসনে স্থগিত
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।
ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট পরিচালনায় দায়িত্ব পালন করবেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা।
প্রার্থী ও দলের অংশগ্রহণ
২৯৯ আসনে মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩, স্বতন্ত্র ২০)। ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, বিমানবাহিনীর সাড়ে ৩ হাজার, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র্যাব ৯ হাজার ৩৪৯, আনসার ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ এবং কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫ সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাচনি অপরাধ দমনে ৬৫৭ জন বিচারিক হাকিম, ১ হাজার ৪৭ জন নির্বাহী হাকিম ও ৩০০ বিচারিক হাকিমের তদন্ত কমিটি কাজ করছে। আচরণবিধি ভঙ্গের ৪৬৮টি মামলায় ৩২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে।
ইসির আমন্ত্রণে ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক, ৩৩৫ জন স্বেচ্ছা পর্যবেক্ষক ও ১৫৬ জন বিদেশি সাংবাদিক দেশে অবস্থান করছেন। দেশি পর্যবেক্ষক রয়েছেন ৮০ সংস্থার প্রায় ৪৪ হাজার ৯৯৫ জন।
রিপোর্টার্স২৪/এসসি