রিপোর্টার্স২৪ ডেস্ক: কেন্দ্রীয় শহিদ মিনারে নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারে প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কমিশনার জানান, কয়েক দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়নি। আশা করা যাচ্ছে, শহিদ মিনার ও আশপাশের এলাকায়ও নিরাপত্তা নিশ্চিতে তেমন কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা বহু স্তরের থাকবে এবং সেখানে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। শহিদ মিনার ও আশপাশে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনার ও আশপাশে ৬৪টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। এছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতেও ভালো থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সতর্ক রয়েছে এবং দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।
রিপোর্টার্স২৪/ঝুম