রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা যুক্ত করেছে মেটা। এখন থেকে থ্রেডস-এ করা পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে, তাও অ্যাপের ভেতর থেকেই।
সম্প্রতি এ ঘোষণা দিয়েছে মেটা। নতুন সুবিধার ফলে ব্যবহারকারীদের আর আলাদা করে অ্যাপ থেকে বের হতে হবে না। থ্রেডসের ভেতরেই দেখা যাবে স্টোরিতে পোস্টটি কেমন দেখাবে এবং সেখান থেকেই সহজে শেয়ার করা যাবে।
থ্রেডসের ব্যবহারকারী সংখ্যা বাড়াতে এবং ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগাতেই এমন উদ্যোগ নিয়েছে মেটা। বর্তমানে থ্রেডসের মাসিক ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটির বেশি। তবু প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্স-এর সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।
২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে থ্রেডস। শুরু থেকেই এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। নিবন্ধনের সময় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম পরিচয় ব্যবহার করে প্রবেশ করতে হয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলের নাম, ছবি, পরিচিতি ও যাচাইকরণ তথ্য যুক্ত হয়ে যায়। এমনকি ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করা হয়, এক স্পর্শেই তাদের থ্রেডসেও অনুসরণ করা সম্ভব।
গত দুই বছরে মেটা নিজেদের অন্যান্য মাধ্যম ব্যবহার করে থ্রেডসের প্রচার জোরদার করেছে। জনপ্রিয় থ্রেডস পোস্ট দেখানো হয়েছে ফেসবুক-এ। ইনস্টাগ্রামেও যুক্ত করা হয়েছে থ্রেডস পোস্টের আলাদা প্রদর্শন সুবিধা। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুযোগ দেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েব-এর তথ্য অনুযায়ী, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে দৈনিক সক্রিয়তায় থ্রেডস এখন এক্সকে ছাড়িয়ে গেছে। তবে ওয়েব মাধ্যমে এখনো এগিয়ে রয়েছে এক্স।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের আগস্টে থ্রেডসের মাসিক ব্যবহারকারী ছিল ২০ কোটি। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৪০ কোটিতে। অক্টোবরে মেটা জানায়, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা পৌঁছেছে ১৫ কোটিতে।
নতুন স্টোরি শেয়ারিং সুবিধা ব্যবহারকারীদের আরও সক্রিয় করবে বলে আশা করছে মেটা। একই সঙ্গে ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের থ্রেডসে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম