স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়। তিনি উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজস্ব ইতিহাস স্মরণ করতে অনুপ্রাণিত করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিশেষ দিনে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।
১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলা এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও দিবসটি পালিত হচ্ছে। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূতের বাংলায় শুভেচ্ছা বার্তা ২১ ফেব্রুয়ারির তাৎপর্যকে বৈশ্বিক পরিসরে আরও উজ্জ্বল করেছে। ভাষা, সংস্কৃতি ও ইতিহাস ধারণের যে আহ্বান তিনি জানিয়েছেন, তা একুশের চেতনাকেই প্রতিফলিত করে।
রিপোর্টার্স২৪/এসসি