আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামের এক কারাবন্দি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে তিনি মারা যান।
মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী এলাকার জহুরুল ইসলাম সিকদারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আড়াইহাজার উপজেলা শাখার সহসভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
গত বছরের ১২ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন মনির হোসেন সিকদার। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি