স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৪–১৪ এপ্রিল, খেলোয়াড়দের ড্রাফট হবে ১৪ মার্চ। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
নারী লিগকে আরও আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা জানিয়েছেন, কোনো দেশের জন্য আলাদা বিধিনিষেধ নেই। বিদেশি খেলোয়াড়রা সরাসরি দলগুলোর সঙ্গে যোগাযোগ করে চুক্তি করতে পারবে। ইতিমধ্যেই কয়েকজন আন্তর্জাতিক তারকা এই লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন।
পুরুষদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ সীমাবদ্ধ হলেও, নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এমন বাধা নেই। তাই স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌরদের মতো ভারতীয় তারকাদের অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও সাম্প্রতিক দুই দেশের ক্রিকেটীয় টানাপোড়েনের কারণে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
ড্রাফটে চারটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের রাখা হবে। দেশের তিনজন শীর্ষ নারী ক্রিকেটার আইকন হিসেবে তিন দলকে নেতৃত্ব দেবেন, এবং তাদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত বিতর্ক থাকলেও, নারী লিগ পেশাদার ও সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে বোর্ড বদ্ধপরিকর। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেশের নারী ক্রিকেটে পেশাদার কাঠামো গড়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম