রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রিমিয়াম চেহারা ও চীনের বাজারকে লক্ষ্য করে এবার গতানুগতিক রঙের বাইরে গিয়ে উজ্জ্বল লাল রংকে ফ্ল্যাগশিপ রং হিসেবে ব্যবহারের কথা ভাবছে অ্যাপল।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, প্রথমে ‘এরমেস অরেঞ্জ’ রঙের আইফোন আনার পর এখন ‘লাবুতাঁ রেড’ রঙের আইফোন আনতে পারে কোম্পানিটি। নিজেদের পরবর্তী আইফোন প্রো মডেলগুলোর জন্য নতুন প্রিমিয়াম রং কী হবে তা নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু করেছে অ্যাপল।
এ বছরের শেষদিকে আইফোন ১৮ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণার আশা না থাকলেও মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদকম মার্ক গারম্যান বলেছেন, পরবর্তী আইফোন প্রো-এর জন্য লালকে নতুন ফ্ল্যাগশিপ রং হিসেবে পরীক্ষা করছে অ্যাপল।
বেগুনি ও বাদামী রঙের গুঞ্জন থাকলেও এগুলো লাল রঙেরই ভিন্ন ভিন্ন শেড হতে পারে। সাধারণত আইফোনের জন্য শান্ত ও স্নিগ্ধ রং ব্যবহার করে অ্যাপল, সেই তুলনায় লাল রংটি বেশ ব্যতিক্রমী।
তবে ধারণা করা হচ্ছে, ‘কসমিক অরেঞ্জ’ রঙের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতে এমন সাহসী সিদ্ধান্ত নিচ্ছে অ্যাপল। চীনের বাজারে ‘কসমিক অরেঞ্জ’ রঙের বিক্রি রেকর্ড ছাড়িয়েছে এবং ভক্তদের কাছে তা ‘এরমেস অরেঞ্জ’ নামে পরিচিতি পেয়ে আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে।
পরবর্তী আইফোন প্রো-এর জন্য লাল রংকে প্রধান তালিকায় রাখলে চীনের বাজারে অ্যাপলের বিক্রি আরও বাড়তে পারে। কারণ চীনা সংস্কৃতিতে লাল রং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
তবে এবারই প্রথম অ্যাপল লাল রঙের আইফোন আনছে বিষয়টি এমন নয়। এর আগেও ‘প্রোডাক্ট রেড’ প্রকল্পের আওতায় গাঢ় লাল রঙের আইফোন তৈরি করেছিল অ্যাপল।
লাল রঙের সর্বশেষ মডেলগুলো ছিল আইফোন এসই, আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস।
অন্যদিকে নিজেদের বহুল আলোচিত ‘ফোল্ডএবল’ আইফোনের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবে না অ্যাপল এবং সেটির জন্য প্রচলিত রংগুলোই বেছে নেবে কোম্পানিটি।
রিপোর্টার্স২৪/ঝুম