স্টাফ রিপোর্টার: রমজানের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ।
রোববার (১ মার্চ) রাজধানীতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই হবে। রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে। একের পর এক বিভিন্ন সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এ প্রক্রিয়া সারা বছর ধরে চলবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন ভালো হয়েছে। তবে ভালো বললেও তার কোনো নির্দিষ্ট মাত্রা নেই। আরও ভালো করা যায় কি না, আমাদের নিজস্ব কোনো ঘাটতি ছিল কি না,এসব বিষয় নিয়ে কমিশন পর্যালোচনা করছে এবং কাজ করছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি ও সময়সূচি নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন বিস্তারিত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি