রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তারা বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) কুয়েতে বাংলাদেশ দূতাবাস জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারিক হোসেন (মেজর জেনারেল) রোববার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন। দূতাবাস জানিয়েছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো। আহত বাংলাদেশিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।
রিপোর্টার্স২৪/এসসি