রিপোর্টার্স২৪ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার করার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন সোমবার (২ মার্চ) দুপুরে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) জানান, মামলার প্রেক্ষিতে আদালত দুই পক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত নিয়েছে।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তবে আদালত গ্রেফতার আবেদন মঞ্জুর করেছেন। তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোডের ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলসহ তিন শ্রমিক নিহত হন। এই ঘটনায় ৩০ জুন ২০২৪ কৃষক ওয়াজেদ আলী মামলা দায়ের করেন।
এর আগে আইভীকে অন্যান্য মামলায় জামিন দেওয়া হয়েছিল। ৯ মে ২০২৪ ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। নভেম্বর মাসে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিয়েছিলেন, যা পরে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এরপর আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল।
রিপোর্টার্স২৪/ঝুম