স্টাফ রিপোর্টার: বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে দায়িত্ব-পরবর্তী সময়েও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা ভোগ করবেন।
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনটি গত ১০ ফেব্রুয়ারি জারি হয়, যা সম্প্রতি জনসম্মুখে আসে। প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৯ অক্টোবরের এসআরও নং ২৮৫ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। পূর্বের আদেশে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে পদত্যাগের পর সর্বোচ্চ তিন মাস এবং বিরোধীদলীয় নেতাকে নির্দিষ্ট সময়ের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার বিধান ছিল। নতুন সংশোধনে কেবল ড. ইউনূসের ক্ষেত্রে মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে কয়েকজন আইন বিশেষজ্ঞের দাবি, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে আইন পরিবর্তন বা প্রণয়ন সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। তাদের ভাষ্য, সংশ্লিষ্ট অধ্যাদেশটি অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
তবে এ বিষয়ে ড. ইউনূস বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি