স্টাফ রিপোর্টার: কে এম নাজমুল হক ও আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯–এর সর্বশেষ ধাপে বেতন পাবেন।
যোগদানের তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।
এর আগে একইদিনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে এসএএম মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা এবং সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বাধীন। তারা জাতীয় বেতন স্কেলের গ্রেড-৪ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
নতুন সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমন নিয়োগ পেয়েছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব